Press "Enter" to skip to content

সীতাকুন্ডে ফিলিং স্টেশনে বিস্ফোরণ, আহত ৫

চলমান প্রতিনিধি, সোনাইছড়ি :
সীতাকুণ্ডে ট্রাকে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে থাকা ট্রাকের চালক ও চালকের সহকারীসহ পাঁচজন আহত হয়েছেন। তাঁদের পরিচয় জানা যায়নি। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকায় মেসার্স চট্টলা সিএনজি নামক ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাকের সিলিন্ডারে গ্যাস নেওয়ার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় ট্রাকের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। সেই সঙ্গে গ্যাস রিফিল মেশিন ও ফিলিং স্টেশনের ক্যাশ কাউন্টারের গ্লাস ভেঙে পড়ে। বিস্ফোরণে গ্যাস সিলিন্ডারটি বিধ্বস্ত হয়ে কিছু অংশ ঘটনাস্থল থেকে ১০০ ফুট দূরে মহাসড়কের পাশে ছিটকে পড়ে এবং কিছু অংশ লালবেগ এলাকার একটি বাড়ির পাশে গিয়ে পড়ে। বিস্ফোরণের সময় ঘটনাস্থলে থাকা ট্রাকের চালক, চালকের সহকারী এবং ট্রাকের পেছনে থাকা মাইক্রোবাসের তিন যাত্রী গুরুতর আহত হন।
মেসার্স চট্টলা সিএনজি ফিলিং স্টেশনের ব্যবস্থাপক (ম্যানেজার) জাহেদ হোসেন বলেন, ট্রাকে লাগানো সিলিন্ডারটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে গ্যাস রিফিল মেশিন ও ফিলিং স্টেশনের ক্যাশ কাউন্টারের গ্লাস ভেঙে গেছে। তবে বিস্ফোরণের দেড় ঘণ্টা পর ক্ষতিগ্রস্ত ট্রাকটি সরিয়ে নেন তাঁরা। এরপর আগের মতো স্বাভাবিক নিয়মে চলছে ফিলিং স্টেশনের কার্যক্রম।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবদুল মোমিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়। তবে দুর্ঘটনাস্থলটি মহাসড়কের বাইরে হওয়ায় তাঁরা থানার পুলিশকে খবর দিয়ে ফিরে এসেছেন।

শেয়ার করুন-
More from চলমানMore posts in চলমান »

Comments are closed.

Mission News Theme by Compete Themes.