Press "Enter" to skip to content

সীতাকুণ্ডের জাহাজভাঙা শ্রমিকদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

চলমান প্রতিনিধি : মহান মে দিবস উপলক্ষে সীতাকুণ্ডের বারআউলিয়ায় জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের উদ্যোগে এক মানববন্ধন, সমাবেশ ও র‌্যালির আয়োজন করা হয়। আজ ৯ মে (শুক্রবার) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ও প্রবীণ শ্রমিকনেতা তপন দত্ত এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ফজলুল কবির মিন্টু।

সমাবেশে বক্তারা বলেন, “বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে শ্রমিকদের জীবনমান উন্নয়নের কোনো বিকল্প নেই।” তারা জোর দিয়ে বলেন, দেশের শিল্প খাত বিশেষ করে উচ্চঝুঁকিপূর্ণ জাহাজভাঙা শিল্পে নিয়োজিত শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও পেশাগত স্বাস্থ্যের নিশ্চয়তা ছাড়া একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব নয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী, সেফটি কমিটির সদস্য মাহাবুব উল আলম চৌধুরী, বাংলাদেশ মেটাল ওয়ার্কার্স ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোঃ আলী, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোঃ ইদ্রিছ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা মোঃ মানিক মন্ডল এবং বিএফটিইউসির নেতা মোঃ হাসান প্রমুখ।
বক্তারা বলেন, মে দিবসের অন্যতম প্রধান দাবি ছিল কর্মস্থলে দৈনিক ৮ ঘণ্টা কাজের নিশ্চয়তা। আন্তর্জাতিক শ্রম সংস্থা এর ১ নম্বর কনভেনশনের মাধ্যমে এ দাবি বিশ্বব্যাপী স্বীকৃত হলেও, দেশের জাহাজভাঙা শিল্পে এখনো এই নিয়ম কার্যকর হয়নি। ফলে শ্রমিকরা বাধ্য হয়ে অতিরিক্ত সময় কাজ করছেন, যা মে দিবসের চেতনার পরিপন্থী।
তারা আরও বলেন, ২০১৮ সালে ঘোষিত নিম্নতম মজুরি আজও বাস্তবায়িত হয়নি। শ্রম আইনে প্রতি ৫ বছর পর মজুরি পুন:নির্ধারনের কথা থাকলেও সরকার ও মালিকপক্ষ এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি।
নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ, পেশাগত স্বাস্থ্যসেবা ও ন্যায্য মজুরি নিশ্চিত করা ছাড়া বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়।
সমাবেশ শেষে একটি বিশাল র‌্যালি সীতাকুণ্ডের বারআউলিয়া এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম ট্রাঙ্ক রোডের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে।

শেয়ার করুন-
More from চলমানMore posts in চলমান »

Comments are closed.

Mission News Theme by Compete Themes.