চলমান প্রতিনিধি : সীতাকুণ্ডের সাগর উপকূল থেকে নির্মল দাশ (৪৮) নামে এক জেলের মৃতদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। গতকাল রবিবার রাত ১২টার দিকে উপজেলার গুলিয়াখালী সাগর উপকূলে জোয়ারের পানিতে ভেসে আসা উক্ত লাশ উদ্ধার করা হয়। নির্মল দাস উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়িস্থ ইন্দ্রর বাড়ির রাজেন্দ্র দাশের ছেলে। নির্মল দাসের ভাই পরিমল দাস বলেন, আমার ছোট ভাই গত পহেলা মে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। ৪ মে থানায় একটি নিখোঁজ ডায়েরী দায়ের করি। সে শরীরে প্রচন্ড জ্বালা পোড়াসহ মানুষিক রোগে আক্রান্ত ছিলো। রবিবার রাতে গুলিয়াখালীর সাগর উপকূল একটি লাশ ভেসে আসলে আমরা আমার ভাইয়ের লাশ শনাক্ত করি।
কুমিরা নৌ পুলিশের ইনচার্জ ওয়ালি উদ্দিন বলেন, উদ্ধার হওয়া নির্মল দাস মানসিকভাবে অসুস্থ ছিলেন। বাড়ীর পশ্চিম পার্শ্বে বঙ্গোপসাগরে গোসল করার সময় অসাবধনতাবশত ও শারিরীক রোগ সংক্রান্ত জটিলতায় ডুবে মৃত্যু বরণ করেন এবং মৃতদেহ সাগরের জোয়ারের জলে ভেসে গুলিয়াখালী সী-বিচ সংলগ্ন বঙ্গোপসাগরে পাড়ের চরে আটকে যায়। উদ্ধারের পর মৃতদেহ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরন করা হয়েছে।





Comments are closed.