Press "Enter" to skip to content

পুত্রবধূকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে শাশুড়ি কারাগারে

চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
সীতাকুণ্ডে ফাতেমা আক্তারকে (২৬) পুড়িয়ে হত্যার অভিযোগে তার শাশুড়ি সাজেদা বেগমকে গ্রেফতার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।আজ
রোববার বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার রাতে নিহত ফাতেমার বাবা নুরুল আবছার বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
জানা গেছে, গত ১৪ জুন রাতে পারিবারিক কলহের জেরে গৃহবধূ ফাতেমা আক্তারকে মারধর করেন তার স্বামী মুসলিম উদ্দিন। একপর্যায়ে স্ত্রীর গায়ে আগুন দিয়ে ঘর তালাবদ্ধ করে দেন মুসলিম উদ্দিন। ফাতেমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এরপর ফাতেমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর ১৮ জুন রাতে তার মৃত্যু হয়।
শনিবার ফাতেমার পরিবারের লোকজন, স্থানীয়রা ও বৈষম্যবিরোধী ছাত্রনেতারা হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা নিতে ও তাদের শাস্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করেন।
সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান বলেন, গৃহবধূ ফাতেমা আক্তারকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে থানায় মামলা করা হয়েছে। মামলায় ফাতেমার শাশুড়ি সাজেদা বেগম ও স্বামী মুসলিম উদ্দিনকে আসামি করা হয়েছে। মামলার পরে ফাতেমার শাশুড়িকে গ্রেফতার করা হয়েছে। পলাতক মুসলিম উদ্দিনকে গ্রেফতারে অভিযান চলছে।

শেয়ার করুন-

Comments are closed.

Mission News Theme by Compete Themes.