চলমান প্রতিনিধি : সীতাকুণ্ডে দুই মোটর সাইকেল এর সংঘর্ষে মো.নাজমুল (৫৫) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে স্বামী স্ত্রী সহ আরো দুই মোটর সাইকেল আরোহী। আজ সোমবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গুল আহাম্মদ জুটমিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী সিরাজগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। তবে দুর্ঘটনায় আহত অপর দুই আরোহীর নাম পরিচয় পাওয়া যায়নি।
হাইওয়ে পুলিশ জানান,বিকালে মহাসড়কের মাঝে থাকা আইল্যান্ডের অবৈধ কাটা পথে মোটর সাইকেল পারাপার করছিলেন নাজমুল। এসময় ঢাকামুখি সড়কে থাকা দ্রুতগামী অপর একটি মোটরসাইকেল রাস্তা পার করা ওই মোটর সাইকেলের পেছনে সজোর ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল দুটি দুমড়ে-মুছড়ে যাওয়ার পাশাপাশি ৩ আরোহী গুরুতর আহত হয়। দুর্ঘটনা পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরোহী নাজমুলকে মৃত ঘোষণা করেন।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন জানান, দুর্ঘটনা পরবর্তীতে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি সরিয়ে থানা এনে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।





Comments are closed.