Press "Enter" to skip to content

সীতাকুণ্ডে বৈধ গরুর হাট বন্ধের অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
সীতাকুণ্ডে বৈধভাবে ইজারা দেওয়া অস্থায়ী গরুর হাট বন্ধের অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন হাটের ইজারাদার মো. সাজ্জাদ হোসেন। আজ সোমবার সন্ধ্যায় সীতাকুণ্ড প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইজারাদার মো. সাজ্জাদ হোসেনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো. নাজিম উদ্দীন। তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় চাহিদার কথা বিবেচনা করে সীতাকুণ্ড উপজেলার পাক্কা রাস্তার মাথা এলাকায় ড্রিম স্টিল রি-রোলিং মিলস মাঠে অস্থায়ী গরুর হাট স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসকের অনুমোদনক্রমে উপজেলা পরিষদের মাধ্যমে ‘হাট ও বাজার স্থাপন ও ব্যবস্থাপনা বিধিমালা-২০২৫’ অনুযায়ী হাটটি ইজারা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিধিমালার ১৫ নম্বর বিধি অনুযায়ী জেলা প্রশাসক অস্থায়ী পশুর হাট ইজারা দেওয়ার ক্ষমতা রাখেন। সেই ক্ষমতাবলে উপজেলা প্রশাসন উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সর্বোচ্চ দরদাতাকে হাটের ইজারা প্রদান করেছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, চট্টগ্রাম নগরের সাগরিকা গরুর হাটের ইজারাদার মো. ফজলে আলম চৌধুরী অন্যায় ও বেআইনিভাবে এ হাট বন্ধের উদ্দেশ্যে হাইকোর্টে রিট আবেদন করেছেন। রিটে হাটটিকে অবৈধ ও অনুমোদনবিহীন দাবি করা হয়েছে। পাশাপাশি এটি সিটি করপোরেশন এলাকার মধ্যে এবং মহাসড়কের ওপর স্থাপিত বলেও উল্লেখ করা হয়েছে।
তবে প্রশাসনিক সূত্রের বরাত দিয়ে সংবাদ সম্মেলনে দাবি করা হয়, আদালতে উপস্থাপিত অনেক তথ্য সঠিক নয়। হাটটি সিটি করপোরেশন এলাকায় নয়; বরং সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নে অবস্থিত। ফলে সিটি করপোরেশনের কোনো বাজারের সঙ্গে এর প্রশাসনিক বা আইনগত সম্পর্ক নেই।
বক্তারা বলেন, সলিমপুর ইউনিয়নে এটিই একমাত্র গরুর হাট এবং প্রথমবারের মতো অস্থায়ী ভিত্তিতে চালু করা হয়েছে। হাটটি বন্ধ হয়ে গেলে স্থানীয় বাসিন্দাদের কোরবানির পশু কিনতে দূরবর্তী এলাকায় যেতে হবে, এতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে।
অভিযোগের সত্যতা যাচাই করতে রোববার সকালে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত হাট এলাকা পরিদর্শন করেছেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। পরিদর্শন শেষে তিনি জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দেবেন বলে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো. খোরশেদ আলম, দিদারুল আলম, ড্রিম রি-রোলিং মিলস অস্থায়ী বাজারের পরিচালক সোহেল সরওয়ারসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

শেয়ার করুন-

Comments are closed.

Mission News Theme by Compete Themes.