Press "Enter" to skip to content

১৭ ঘণ্টা পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
সীতাকুণ্ডে গুলিয়াখালী সমুদ্র সৈকতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া এক পর্যটকের লাশ ১৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মো. রিফাত শেখ (১৬)। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার মোহাম্মদ খায়রুল শেখের ছেলে এবং গৌরীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। আজ রোববার (২৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে গুলিয়াখালী সমুদ্র সৈকতের ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ উত্তর দিকে কেওড়া বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ বেলাল হোসেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রিফাতসহ পাঁচজন বন্ধু গুলিয়াখালী সমুদ্র সৈকতে ঘুরতে আসেন। স্থানীয়দের সতর্কতা উপেক্ষা করে তারা গুলিয়াখালী খালের শেষ মাথায় সাঁতার কাটতে নামলে এক পর্যায়ে তারা পানিতে ডুবে যেতে থাকেন। পরে স্থানীয়রা দ্রুত বোট নিয়ে উদ্ধার তৎপরতা চালান এবং চারজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। তবে রিফাতকে তখন উদ্ধার করা সম্ভব হয়নি। পরে সন্ধ্যা হয়ে গেলে উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
পরে রোববার সকাল ৬টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুনরায় উদ্ধার অভিযান শুরু করে। সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ উত্তর দিকে কেওড়া বাগান থেকে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ বেলাল হোসেন জানান, লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-
More from চলমানMore posts in চলমান »

Comments are closed.

Mission News Theme by Compete Themes.