চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
সীতাকুণ্ডে সড়ক পার হওয়ার সময় গাড়িচাপায় মোছাম্মৎ মমতাজ বেগম (২৮) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় তাঁর সঙ্গে থাকা স্বামী মোহাম্মদ সাইফুল হক (৩০) ও তাঁদের শিশুসন্তান হুমায়রা সাইমা (৪) গুরুতর আহত হয়। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মমতাজ বেগম মারা যান। তিনি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের আরাজী চামেশ্বরী এলাকার বাসিন্দা। মমতাজ বেগম ফৌজদারহাটের একটি নার্সিং কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
হাইওয়ে পুলিশ জানান, গতকাল বুধবার রাতে স্বামী ও মেয়েকে নিয়ে ফৌজদার হাটের ফকিরহাট কালুশাহ সেতু এলাকায় বাজার করতে যান মমতাজ বেগম। বাজার শেষে সড়ক পার হওয়ার সময় অজ্ঞাতনামা গাড়ি তাঁদের চাপা দেয়। এতে চাকায় পৃষ্ট হয়ে তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা ২টার দিকে মমতাজ বেগমের মৃত্যু হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোমিন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত নারীর লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।





Comments are closed.