চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
সীতাকুণ্ডে উড়ে এসে কৃষি জমিতে পড়ল একটি মর্টার শেল। এতে অল্পের জন্য রক্ষা পায় দুই কৃষক। বিকট শব্দে কেঁপে উঠে পুরো এলাকা। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ছারালকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সীতাকুণ্ড থানার একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মর্টার শেলটি উদ্ধারের জন্য ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি টিম পরিদর্শন করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীর।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ছারালকান্দি এলাকায় ঘাস কাটছে দুই কৃষক। এই সময় পূর্ব দিক হতে উড়ে এসে কৃষি জমিতে পড়ে একটি মর্টার শেল। এ সময় বিকট শব্দে কেঁপে উঠে পুরো এলাকা। দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুই কৃষক। স্থানীয়রা সীতাকুণ্ড মডেল থানায় খবর দিলে পরিদর্শন করে। এদিকে মর্টার শেল পড়ার ঘটনাটি চারিদিকে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনা স্থলে এসে ভিড় জমায়।
স্থানীয় যুবক মো: রানা বলেন, মর্টার শেলটি যে স্থানে পড়েছিল তার পাশেই দুইজন কৃষক ঘাস কাটতেছিল। অল্পের জন্য দুই কৃষক প্রাণে বেঁচে গেল। এছাড়াও মর্টার শেলটি জমিতে পড়ার সাথে সাথে পুরো এলাকায় কেঁপে উঠে। বর্তমানে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
ওই এলাকার লিটন চন্দ্র দাস নামের আরেক যুবক বলেন, ভাগ্য ভালো যে মর্টার শেলটি কাদাযুক্ত মাটিতে পড়েছিল। যদি শুকনো মাটিতে পড়তো তাহলে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতো। এছাড়াও এলাকাটি ঘনবসতি। যদি এলাকায় কোন ঘরে পড়তো তাহলে এলাকার অনেক বড় ক্ষয়ক্ষতি হতো।
সীতাকুণ্ড মডেল থানার ওসি তদন্ত মো: আলমগীর বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মর্টার শেলটি উদ্ধারের জন্য সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল ঘুরে এসেছে।





Comments are closed.