চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড : সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ভেতর থেকে এক চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত চালকের নাম মনির হোসেন (৫০)। তিনি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরআরজার ইউনিয়নের মজিবর রহমানের পুত্র।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে পুলিশ খবর পেয়ে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নে অবস্থিত সেবা ফিলিং স্টেশনের পার্কিং থেকে নিহত ব্যক্তির মালিকানাধীন কাভার্ডভ্যান থেকে এই লাশ উদ্ধার করে।
সেবা ফিলিং স্টেশনের ম্যানেজার আকমত আলী জানান, কাভার্ডভ্যান চালক প্রায় সময় তাদের ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল নেন। শুক্রবার রাত প্রায় ১টার দিকে চট্টগ্রাম থেকে মাল বোঝাই করে ফিলিং স্টেশনে এসে জ্বালানি তেল নেন। এরপরে তিনি ফিলিং স্টেশনের পার্কিং এলাকায় তার কাভার্ডভ্যানটি পার্কিং করে গাড়ির ভিতরে ঘুমিয়ে যান। কিন্তু দীর্ঘক্ষণ নিহত চালকের ট্রান্সপোর্ট কর্তৃপক্ষের মোবাইল না ধরাতে দুশ্চিন্তায় পড়েন তারা। এক পর্যায়ে গাড়ির জিপিএসের মাধ্যমে গাড়ির লোকেশন শনাক্ত করা হয়। গাড়িটির ভিতর থেকে চারপাশের লক করা ছিল। পরে তাকে অনেক ডাকাডাকি করেও সাড়াশব্দ না পেয়ে লক ভেঙে ফেলা হয়। দেখা যায়, তার নাক-মুখে দিয়ে ফেনা বের হয়ে আছে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর আসল কারণ।





Comments are closed.