প্রতিনিধি, সীতাকুণ্ড :
বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে প্রতিবারের মতো এবাররো বিভিন্ন ক্ষেত্রে নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সীতাকুণ্ডে পাঁচ বিশিষ্ট নারীকে অদম্য নারী পদক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম । সমাজ উন্নয়নে অসামান্য অবদান, নিজের অদম্য ইচ্ছাকে সম্বল আর চরম প্রতিকূলতাকে জয় এবং নারী উন্নয়ন ও ক্ষমতায়ন প্রভৃতি ক্ষেত্রে অবদানের জন্য পাঁচ অদম্য নারীকে এই পুরস্কার প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে র্যালি এবং পরবর্তী আলোচনা সভা ও পাঁচ অদম্য নারীকে সংবর্ধনা এবং সম্মাননা সূচক ক্রেস্ট প্রদান করা হয়।
এবার যারা পদক পেলেন তারা হলেন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী রুমা আক্তার, সফল জননী নারী হাসিনা বানু, সমাজ উন্নয়নে অসামান্য অবদানে মেহেরুন নেছা শান্তা, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী সালমা আক্তার এবং অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী কামরুন নাহার রেশমা।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজের সভাপতিত্বে এবং পাতা দে বৃষ্টির পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফর নেছা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসতিয়াক আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা তোজাম্মল হোসেন, হিসাব রক্ষক কর্মকর্তা বাবলু দাশসহ উপস্থিত ছিলেন বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম বলেন, নিজ নিজ ক্ষেত্রে অবদান রেখে সমাজ ও নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন করেছেন পাঁচ অদম্য নারী। তাদের এসব কর্মকাণ্ড পর্যবেক্ষণ শেষে আমরা তাদের শ্রেষ্ঠ অদম্য নারী ঘোষণা করেছি। আমরা বিশ্বাস করি, তাদের সংগ্রামী জীবন অন্য নারীর জন্য প্রেরণা হয়ে থাকবে।

সীতাকুণ্ডের পাঁচ অদম্য নারী পেলেন বেগম রোকেয়া পদক
More from চলমানMore posts in চলমান »




Comments are closed.