Press "Enter" to skip to content

শিক্ষাবিদ জিয়াউর রহমান আর নেই

চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
সীতাকুণ্ডের স্বনামধন্য প্রধানশিক্ষক জিয়াউর রহমান (শাহজাহান মাস্টার) চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি- রাজেউন) । মৃত্যুকালে তার বয়স ছিল ৯৭বছর। তিনি ৬ পুত্র, ৪ কন্যাসন্তানসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর সংবাদ শুনে হাসপাতালের আইসিইউ’র সামনে বিপুলসংখ্যক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী সমবেত হন। বৃহস্পতিবার ( ৩০ অক্টোবর) বাদজোহর সীতাকুণ্ড পৌরসভার শিবপুর গ্রামের বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।
শাহজাহান মাস্টার ১৯৩২ সালে কলকাতায় জন্মগ্রহণ করলেও তাঁর পৈত্রিক নিবাস সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়নের জানে আলম মুন্সিবাড়ি। তাঁর পিতা মাওলানা মুফাজ্জালুর রহমান ও মা নুরজাহান বেগম। ১৯৮৭ সাল থেকে তিনি সীতাকুণ্ড পৌরসভার শিবপুর গ্রামে স্বায়ীভাবে বসবাস করে আসছেন। তিনি সাতঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, ১৯৫০ সালে সাউথ সন্দ্বীপ উচ্চবিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন, ১৯৫৬ সালে নোয়াখালী চৌমুহনী কলেজ থেকে উচ্চমাধ্যমিক, ১৯৬০ সালে চট্টগ্রাম কলেজ থেকে বিএ এবং কুমিল্লা বিএড কলেজ থেকে বিএড কোর্স সম্পন্ন করেন।
শাহজাহান মাস্টার বহু শিক্ষাপ্রতিষ্ঠানে সুনামের সাথে শিক্ষকতা করেন। তিনি সাউথ সন্দ্বীপ হাইস্কুলে সহকারী শিক্ষক হিসেবে ১১বছর (১৯৫৯-১৯৭০) বাউরিয়া পোলাম খালেক একাডেমিতে প্রধানশিক্ষক হিসেবে প্রায় ৫বছর (২ ফেব্রুয়ারি১৯৭২ থেকে ২০ এপ্রিল ১৯৭৬), উত্তর কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চবিদ্যালয়ে প্রধানশিক্ষক হিসেবে প্রায় ৫বছর (২১ এপ্রিল ১৯৭৬ থেকে ১৯৮৬), মীরসরাই আবুতোরার উচ্চবিদ্যালয়ে প্রধানশিক্ষক হিসেবে প্রায় ৫বছর (১৯৮১-১৯৮৫), আগ্রাবাদ বালিকা উচ্চবিদ্যালায়ে প্রধানশিক্ষক হিসেবে ১১ মাস (১৯৮৭), লতিফা সিদ্দিকী বালিকা উচ্চবিদ্যালয়ে প্রধানশিক্ষক হিসেবে ৫বছর এক্সটেনসনসহ প্রায় ১৪ বছর (১৯৮৯-২০০০) সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে শিক্ষকতা করেন। শিক্ষকতাজীবনে তিনি টাকার বিনিময়ে কোনো শিক্ষার্থীকে প্রাইভেট পড়াননি। তবে নিজবাড়িতে ডেকে এনে বহু শিক্ষার্থীকে বিনামুল্যে শিক্ষাদান করেছেন। বর্ণাঢ্য শিক্ষকতাজীবনের অধিকারী শাহজাহান মাস্টার শিক্ষকতায় বিশেষ অবদানের জন্যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সম্মাননা স্মারকে ভূষিত হন।
ব্যক্তিগত জীবনে শাহজাহান মাস্টার ১০ সন্তানের জনক। স্ত্রী জাহানারা বেগম। সন্তানেরা হলেন চট্টগ্রাম বন্দরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন সেলিম,অবসরপ্রাপ্ত হিসাবরক্ষণ  কর্মকর্তা  লেখক, গবেষক ও কথাসাহিত্যিক ড. মনোয়ার সাগর, ব্যবসায়ী আমজাদ হোসেন, কবি ও সাংবাদিক আতাউল হাকিম  আরিফ (প্রকল্প কর্মকর্তা, ইপসা) ইউনিয়ন ক্যাপিটেলের ম্যানেজার সামসুর রহমান রাকিব, সামাজিক সংগঠক ও সাংবাদিক সাইফুর রহমান শাকিল (সময় টিভি),  যুক্তরাষ্ট্রপ্রবাসী কাজী কানিজ ফাতেমা, জুবাইদা বেগম ( গৃহিনী), হাফসা বেগম (গৃহিনী) ও  সুলতানা মাহমুদা চুমকি।

শেয়ার করুন-
More from চলমানMore posts in চলমান »

Comments are closed.

Mission News Theme by Compete Themes.