Press "Enter" to skip to content

বাঁশবাড়িয়া সৈকতে এক পর্যটকের মৃত্যু

চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে গোসল করতে নেমে পানির স্রোতে ভেসে গিয়ে মো. মেরাজ (২০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাঁশবাড়িয়া ফেরিঘাটসংলগ্ন সমুদ্রসৈকতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেরাজ চট্টগ্রাম নগরীর পূর্ব মাদারবাড়ী এলাকার গাজী ডিপো বাইলেইনের মোশাররফ আলীর ছেলে। তিনি এমইএস কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মেরাজ তাঁর বন্ধু সাব্বিরের সঙ্গে বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে ঘুরতে যান। একপর্যায়ে তাঁরা দুজনই গোসল করতে সমুদ্রে নামেন। সাঁতার কাটার সময় হঠাৎ স্রোতের টানে দুজনই গভীর পানিতে তলিয়ে যান।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ওপরে নিয়ে আসেন। সাব্বির অচেতন অবস্থায় থাকলেও কিছু সময় পর তাঁর জ্ঞান ফিরে আসে। তবে মেরাজকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে সমুদ্র তীরে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এসব গর্তই দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে বলে তারা দাবি করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আলতাফ হোসেন বলেন, ‘সমুদ্র থেকে অচেতন অবস্থায় তোলার পর তাকে হাসপাতালে আনা হয়েছিল। তবে আগেই তার মৃত্যু হয়েছে।’
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

শেয়ার করুন-

Comments are closed.

Mission News Theme by Compete Themes.