চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা ও নাগরিকদের ভূমিসেবা প্রদান কার্যক্রম মুল্যায়নে ২০২৪-২০২৫ অর্থ বছরে সহকারী কমিশনার (ভূমি) ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন। এ জন্য সরকারের পক্ষ থেকে তাকে একটি সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
গত সোমবার রাজধানীর তেজগাঁওস্থ ভূমি ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সনদপত্র তুলে দেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
নামজারি সিস্টেমের অটোমেটেড ভার্সন ২.১ সারাদেশে একযোগে চালুকরণ ও ভূমিসেবা মোবাইল অ্যাপ এর উদ্বোধন এবং মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ভূমিসেবায় কর্মকৃতি-ভিত্তিক পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আবদুল্লাহ আল মামুন ভূমি সেবা সহজীকরণ, ভূমি ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে বিশেষ অবদান রাখেন। ভূমি সংশ্লিষ্ট কার্যক্রম বাস্তবায়নে দক্ষতা, নিষ্ঠা ও সেবার মান বৃদ্ধিতে তার ভূমিকা বিশেষভাবে মূল্যায়িত হয়েছে। মাঠ পর্যায়ে নিয়মিত মনিটরিং, দ্রুত সেবাদান, ডিজিটাল সেবা ব্যবস্থার কার্যকর ব্যবহার এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তিনি ভূমি ব্যবস্থাপনাকে আরও গতিশীল করেছেন।
সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে চেষ্টা করেছি প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সেবাপ্রার্থীদের সহজে সেবা প্রদান করতে।
তিনি বলেন, আমার এই প্রচেষ্টায় যারা সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম জেলা প্রশাসকসহ সিনিয়র কর্মকর্তাদের প্রতি, যারা আমার সকল কাজের অনুপ্রেরণা ও উৎসাহ যুগিয়েছেন। ভবিষ্যতে মানুষের জন্য আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করে সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।






Comments are closed.