Press "Enter" to skip to content

জুলাইয়ের অর্জন বৃথা হয়ে যাবে না : নির্বাচন কমিশনার মাছউদ

চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কোনো তামাশা বা খামখেয়ালির নির্বাচন নয়—এটি হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও মানুষের আস্থাভিত্তিক একটি ঈমানদার নির্বাচন। নির্বাচন নিয়ে বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে আর নিন্দিত হতে দেওয়া যাবে না।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সীতাকুণ্ড ডিগ্রি কলেজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নির্বাচন কমিশনার মো. আব্দুর রহমানেল মাছউদ।
তিনি বলেন, ‘যে জাতি যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে, জুলাইয়ের মাধ্যমে পরিবর্তন আনতে পেরেছে, সে জাতি যদি রাজনৈতিক ও ভোটাধিকার প্রতিষ্ঠা করতে না পারে, তাহলে সেই অর্জনের মূল্য বৃথা হয়ে যাবে।’
উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা ড. মো. জিয়াউদ্দীন।
মুখ্য আলোচকের বক্তব্যে ড. জিয়াউদ্দীন বলেন, ‘একটি ভোটকেন্দ্রের প্রকৃত কর্তৃত্ব ভোট গ্রহণকারী কর্মকর্তার হাতে। তিনি যা বলবেন, তার ভিত্তিতেই পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। তাই যেকোনো সংকট মোকাবিলা করে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ নিশ্চিত করার দায়িত্ব আপনাদেরই।’
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন এবং চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান। এ ছাড়া জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন-
More from চলমানMore posts in চলমান »

Comments are closed.

Mission News Theme by Compete Themes.